সবুজ পতাকা নেড়ে আগরতলা-দেওঘর সরাসরি যাত্রী ট্রেনের উদ্বোধন

rail rail.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই ৷৷ আগরতলা-দেওঘর যাত্রীবাহী রেলের সূচনা হল শুক্রবার। এদিন দুপুরে আগরতলা রেল স্টেশন থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা থেকে ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহরের মধ্যে সরাসরি ট্রেন সার্ভিসের উদ্বোধন হয়। ট্রেনটি প্রতি শনিবার স্থানীয় সময় রাত ১০টায় আগরতলা রেল স্টেশন থেকে ছাড়বে এবং ১৪৬২ কিমি দূরত্ব অতিক্রম করে সোমবার দুপুর ১টা নাগাদ দেওঘর পৌঁছবে এবং সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আবার ছাড়বে। আগরতলা থেকে দেওঘরের মধ্যে মোট ২০টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। ট্রেনটিতে মোট ১৬টি বগি রয়েছে।
শুক্রবার আগরতলা রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাই বলেন, ত্রিপুরা রাজ্যে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ১২টি ট্রেন সার্ভিস চালু হয়েছে। বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রেন সার্ভিস চালু হলে যাত্রীরা দ্রুত ভারতের অন্য প্রান্তে বাংলাদেশ হয়ে যেতে ত্রিপুরায় যাতায়াত করতে পারবে। তাছাড়া পণ্য পরিবহনের মাধ্যমে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কোনো রাজ্য বা দেশের উন্নয়নের জন্য প্রথমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপূর্ব ভারতের উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেশের এই অঞ্চলে একের পর এক উন্নয়ন হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়, ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, শঙ্কর প্রাসাদ দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সবুজ পতাকা নেড়ে ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা করান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*