আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ৷৷ কৈলাসহরে রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা জননেতা বৈদ্য নাথ মজুমদারের মর্মর মূর্তি ভাঙ্গার ঘটনায় সরব সবকটি রাজনৈতিক দল। এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে সি পি আই (এম), বিজেপি, কংগ্রেস। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে পথে নেমেছেন সি পি আই (এম) এবং বিজেপি কর্মী সমর্থকরা। সকলেই ছাইছেন অপরাধী যে কোনো রাজনৈতিক দলেরই হোক, রং বিচার না করে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দোষীদের অবিলম্বে গ্রেফতারের জন্য পুলিস আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। শুক্রবার কৈলাসহর মন্ডল অফিসে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক নিতিশ দে জানান, বিজেপি দল এই মূর্তি পুনরায় এই স্থানে স্থাপন করবে। কারন প্রয়াত বৈদ্যনাথ মজুমদার প্রকৃত অর্থেই জননেতা ছিলেন। এই ধরনের ঘটনা কোন মতেই কাম্য নয়।এদিকে মূর্তি ভাঙ্গার ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। যদিও পরে জামিন পেয়ে যায় তারা। এই ঘটনায় তীব্র বিক্ষোভ দেখায় সি পি আই (এম)। এই মর্মে তারা কৈলাসহর থানার সামনে বিক্ষোভও দেখায়।
