আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জানুয়ারি ৷৷ ত্রিপুরা রাজ্যের বিজেপি’র পৃষ্ঠা প্রমুখ সম্মেলন থেকে ২০১৯ লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিল বিজেপি। শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপি’র পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এক সন্মেলনের আয়োজন করা হয়। এই সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন বক্তব্য রাখতে গিয়ে এই সম্মেলনের সফলতা এবং রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কৃতিত্ব দেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, ত্রিপুরায় ক্ষমতার পরিবর্তনের থেকে সব থেকে বড় পরিবর্তন হয়েছে ত্রিপুরার মানুষের মন থেকে ভয় দূর হওয়া। রাজ্যের মানুষ এখন হাসতে শিখেছেন।তিনি বলেন, বিরোধী মহাজোটে না আছে নীতি, না আছে পরিকল্পনা, না আছে নেতা। শ্রী শাহ পৃষ্ঠা প্রমুখদের বলেন, ‘আপনারা এখন ঠিক করবেন দেশে মহাজোটের মজবুর সরকার নির্বাচন করবেন নাকি বিজেপি’র মজবুত সরকার নির্বাচন করবেন’। এদিন ত্রিপুরায় দুটি লোকসভা আসনে জয়ের পাশাপাশি ২০১৯’এও দিল্লীতে বিজেপির আবারো জয়ের ডাক দেন তিনি।
এদিনের বিজেপি’র পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেডার চেয়ারম্যান তথা আসামের মন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা, বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, বিজেপি ত্রিপুরা রাজ্য প্রভারি সুনীল দেওধর, রাজ্য মন্ত্রীসভার সদস্যরা, বিজেপি;র বিধায়করা, রাজ্য বিজেপি’র নেতৃত্বরা সহ দলীয় নেতাকর্মীরা।

