আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জানুয়ারি ৷৷ বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ১২ দফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টা ভারত বনধের মাঝেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ৮ জানুয়ারি বনধের ডাক দিয়েছিল উপজাতি একটি ছাত্র সংগঠনের যৌথমঞ্চ এন ই এস ইউ (নেসু)। মঙ্গলবার নেসু’র ডাকা বনধের জেরে উত্তাল হয়ে পড়লো আসাম -আগরতলা জাতীয় সড়কের মাধববাড়ি এলাকা। সকাল থেকেই নেসু সমর্থকরা আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। রাস্তায় নেমে ধর্মঘট পালন করছিলেন৷ জানা যায়, জাতীয় সড়ক অবরোধ তুলতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। যে ঘটনায় মাধববাড়ি চত্বর একেবারে রণক্ষেত্রের রূপ ধারন করে। ক্রমেই অশান্ত হয়ে পরে গোটা মাধববাড়ি এলাকা। এদিকে সংঘর্ষের জেরে কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় নেসু সমর্থকরা। পুড়লো দোকানপাট, ভাঙলো গাড়ি, জ্বলল গাড়ির টায়ার।

বিক্ষিপ্ত সংঘর্ষ থামাতে শূন্যে গুলি চালায় পুলিশ৷ জানা যায়, এরমধ্যে পুলিশের গুলিবিদ্ধ হয়ে জখম হয় কিছু নেসু সমর্থক। আহতদের আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছে।