জাতীয় ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী ৷৷ বুধবার সকালে পাকিস্তান সেনা ভারতীয় বায়ু সীমা অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করে। ভারতের সীমা অতিক্রম করে সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনা ছিল পাকিস্তানের। এদিন ভারতের আকাশসীমা লঙ্ঘন করে এফ-১৬ পাক যুদ্ধবিমান। কাশ্মীরে পুঞ্চ ও নওসেরা সেক্টরে ঢোকা মাত্রই জবাব দেয় ভারতের টহলদারি বিমান। প্রত্যাঘাত পেয়েই পিছু হটতে বাধ্য হয় তারা।বুধবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরে একটি পাক যুদ্ধ বিমান ভেঙে পড়তে দেখা যায়। এ সময় দুর্ভাগ্যজনকভাবে চালক-সহ ভারতের মিগ-২১ বিমান ভেঙে পড়ে। এর পরে নিখোঁজ হয় একজন ভারতীয় বাযু সেনার পাইলট। তিনি জানান, এই চালক তাদের হেফাজতে আছে বলে পাকিস্তান দাবি করেছে।
অন্যদিকে এদিন মেজর জেনারেল গফুর দাবি করেন, পাক নিয়ন্ত্রিত আকাশসীমা থেকে ভারতীয় বায়ুসেনার ২ যুদ্ধবিমানকে নামানো হয়েছে। একটি ভারতের দিকে পড়ে। অন্যটি পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে। গফুরের আরও দাবি ছিল গ্রেফতার করা হয়েছে পাইলটকে।
