সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ মে || তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি আক্রান্ত ব্লক যুব কংগ্রেসের সভাপতি বিভাস দাস। ৩০-৪০ জনের একটি দল তার উপর আক্রমণ চালায় এবং তারা প্রত্যেকেই যুব মোর্চার সদস্য বলে জানায় ব্লক সভাপতি। এ নিয়ে সোমবার দুপুর থেকে শুরু হয় তেলিয়ামুড়া শহরের উপর উত্তেজনা। একদিকে যুব কংগ্রেসের যুব বাহিনী এবং অন্যদিকে যুব মোর্চার সদস্যরা একে অপরের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয় বলে অভিযোগ। শুরু হয় চূড়ান্ত পর্যায়ের উত্তেজনা তেলিয়ামুড়া শহরের বুকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে সামান্য লাঠিচার্জ করতে হয়। এতে আহত বেশ কয়েকজন। তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে তেলিয়ামুড়া শহরের পরিস্থিতি বর্তমানে থমথমে। প্রচুর পরিমাণ পুলিশ নামানো হয় শহর জুড়ে।
এদিকে কংগ্রেসের যুব ব্লক প্রেসিডেন্ট জানান, বিগত কিছুদিন আগেও উনার উপর আক্রমণ হয়েছিল। তখন তিনি নামধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় মামলা করেন। এই মামলা প্রত্যাহার করার জন্য যুব মোর্চার তরফ থেকে বারবারই চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানায় ব্লক প্রেসিডেন্ট। এই মামলা প্রত্যাহার না করাতেই ফের একবার হামলা করা হয় কংগ্রেসের যুব ব্লক প্রেসিডেন্টের উপর এমনটাই জানালেন কংগ্রেসের যুব ব্লক প্রেসিডেন্ট বিভাস দাস।
অন্যদিকে বিজেপি’র যুব মোর্চার নেতৃত্ব জানান, যুব কংগ্রেসের সদস্যরা যুব মোর্চার সদস্যদের দেখে গালিগালাজ শুরু করে। এরপরই শুরু হয় চরম উত্তেজনা। এতে করে যুব মোর্চার বেশ কয়েকজন কর্মী আহত হয়। তবে আর যাই হোক বর্তমানে করোনা মহামারীতে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক সেই সময়ে তেলিয়ামুড়া শহরের উপর এই ধরনের ঘটনা মোটেও কাম্য নয় বলে মনে করছে শুভবুদ্ধি মহল।
