জাতীয় ডেস্ক, তামিলনাড়ু, ০৮ ডিসেম্বর || তামিলনাড়ুর কুন্নুরে সেনা হেলিকপ্টারের দুর্ঘটনা। সূত্রের তরফ জানা যায়, দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারে ছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। হেলিকপ্টারে আরও কয়েকজন সেনা আধিকারিক এবং সিডিএসের পরিবার সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। খারাপ আবহাওয়ার জন্যেই হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেনার তরফে এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট খবর দেওয়া হয়নি। জানা গিয়েছে, ওয়েলিংটনে অবস্থিত একটি সেনা স্টাফ কলেজের অনুষ্ঠানে যোগ দিতে সেনা আধিকারিকরা গিয়েছিলেন হেলিকপ্টারে সওয়ার হয়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘটনায় গুরুতর ভাবে আহত তিন জন। ৪ জন মারা গিয়েছেন বলেও জানা গিয়েছে। বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে বিপিন রাওয়াতের চিকিত্সার জন্য ৬ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে যান তামিলনাড়ুর ডিজিপি শৈলেন্দ্র বাবু।
জানা যায়, সুলুর থেকে উড়ে ওয়েলিংটনে উদ্দেশে যাচ্ছিল সেনার হেলিকপ্টার। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি MI-17V5 ছিল। সেখানে একটি ডিফেন্স কলেজে যাচ্ছিল হেলিকপ্টারটি। সূত্রের খবর, হেলিকপ্টারে মোট ৯ জন ছিলেন। চিফ এফ ডিফেন্স স্টাফের পাশাপাশি এই চপারে ছিলেন তাঁর স্ত্রী। তাছাড়া আরও বেশ কয়েকজন সেনা আধিকারিক ছিলেন এই হেলিকপ্টারে।
ঘটনার প্রেক্ষিতে বিমান বাহিনীর তরফে একটি টুইটে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় মানুষ সেখানে উদ্ধারকাজে লেগে গিয়েছে। স্থানীয় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকা পাহাড়ি হওয়ায় উদ্ধারকাজ কঠিন হতে চলেছে বলে জানা গিয়েছে।
