রাজীব ঘোষ, কল্যানপুর, ২২ জানুয়ারি || ঝটিকা সফরে কল্যাণপুরে এলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। গতানুগতিক ভাবেই সাংবাদিকদের সাথে কথা বলার সময় বললেন দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের সাথী কর্মী সমর্থকদের সাথে দেখা করার জন্য, সুখ দুঃখের কথা শোনার জন্য এবং সর্বোপরি রাজ্যের মানুষ কিরকম আছেন এই বিষয়টার একটা আভাস নেওয়ার জন্যই এই সফর।
গোটা রাজ্যে ঘুরতে বেরিয়েছেন আর তারই অঙ্গ হিসেবে দীর্ঘদিন পরে এই কল্যাণপুরে আসা, পাশে রাজ্যের অপর বিধায়ক আশিস সাহাকে বসিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন রাজ্যের দীর্ঘদিনের বিধায়ক সুদীপ রায় বর্মণ। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন এরকম সরাসরি প্রশ্নের উত্তরে সুদীপ রায় বর্মণের উত্তর ঠিক অনেকটা এরকম বার্তা, তেমন কিছু না, শুধুমাত্র মানুষ কেমন আছেন বা রাজ্যের গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষের অবস্থানটা কোথায় আছে তার একটা আভাস নিতেই এই সফর, এর বেশি কিছু বললেন না বিধায়ক সুদীপ রায় বর্মণ বা আশীষ সাহা কেউই।
আদতে ‘বন্ধুর নাম সুদীপ’ সামাজিক সংস্থার সদস্যদের সাথে কথা বলার পরিকল্পনায় এদিনের এই সফর বলে জানা গেছে।
সে যাই হউক তবে বর্তমান ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে একটা আভাস চলছে সুদীপ রায় বর্মণ নাকি দল ছাড়তে চলেছেন। আবার অনেকাংশেই এই আভাষকে সত্যতায় পর্যবসিত করে সুদীপ রায় বর্মণ বেশ কিছু জায়গায় বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি’র হয়ে লড়াই করছেন না। তবে কি সুদীপ রায় বর্মণ গোটা রাজ্যে নিজের রাজনৈতিক অবস্থান মাপার যে কৌশল নিয়েছেন এরই অংশ হিসেবে আজকের কল্যাণপুর সফর?
তার উত্তর হয়তো সময় দেবে, তবে আজকের এই কল্যাণপুরে সুদীপ রায় বর্মণের ঝটিকা সফরে তেমন একটা উন্মাদনার ভাব পরিলক্ষিত হল না বলা চলে।
উল্লেখ্য, সুদীপ রায় বর্মণের কল্যাণপুর আগমনের খবর ছড়িয়ে পড়তেই কল্যাণপুর ছাড়াও পার্শ্ববর্তী রামচন্দ্র ঘাট, চেবরি, খোয়াই সহ অন্যান্য বেশ কিছু জায়গায় সুদীপ অনুগামীদের কল্যাণপুরে আসতে দেখা গেছে।
