তারায় তারায় ডেস্ক ।। ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে ওঠা। বিশ্বকাপে দু’পক্ষ মুখোমুখি হলে তো আর কথাই নেই। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত বিশ্বকাপে জয়ের মুখ দেখেনি পাকিস্তান। তাই দু’পক্ষ যখনই মুখোমুখি হয়েছে, ভারতের লক্ষ্য থাকে জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখা। আর পাকিস্তানের টার্গেট হয় হারের খরা কাটানো। সেই লক্ষ্যেই আর মাত্র ১৩ দিন পর অ্যাডিলেড ওভালে বিশ্বখেতাবের লড়াই শুরু করছে দু’পক্ষ।
বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে টিম ইন্ডিয়ার প্রথম প্রতিদ্বন্দ্বী পাক ব্রিগেড। খেলা অ্যাডিলেড ওভালে। কিন্তু তারজন্য উত্তেজনায় কোনও ভাঁটা পরেনি। টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। তবে এই বারের ভারত বনাম পাকিস্তান ম্যাচ আরও বেশি উত্তেজক হবে আরও একটি কারণে। ১৫ ফেব্রুয়ারি বিরাট কোহলির বল বাউন্ডারি লাইনের সীমানা পার করতেই বা অশ্বিন উইকেট নিতেই কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসবে সেই ‘ব্যারিটোন ভয়েস’ যা এতদিন শোনা গিয়েছে সিনামায়।
তিনি আর কেউ নন, স্বয়ং বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। ভারত বনাম পাকিস্তান ম্যাচে কমেন্ট্রি বক্সে কপিলদেব, হর্ষ ভোগলেদের সঙ্গে ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত থাকবেন বিগ বি। বলিউড শাহেনশার আসন্ন সিনেমা ‘শমিতাভ’-এর প্রচারের জন্যই এই অভিনব উদ্যোগ। রবিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই কথা ঘোষণা করা হয়েছে। একটি প্রোমোও রিলিজ হয়েছে। যাতে দেখানো হয়েছে, কপিলদেব শমিতাভ নামের একটি লজেন্স খাওয়ার পর থেকে বিগ গি-র মতো গলায় কথা বলছেন। ভিডিওর শেষে বিগ বি জানাচ্ছেন তার নতুন ইনিংসের কথা।
ভারত-পাকিস্তান ম্যাচের ধারাভাষ্যকারের ভূমিকায় থাকতে পারবেন বলে উচ্ছ্বসিত বিগ বি বলেন, ‘এই দেশের আবেগ দুটো জিনিস নিয়ে, ক্রিকেট আর সিনেমা। আমার মতে দুটোর জন্যই এটা দারুণ একটা ব্যাপার। আমার সিনেমা ৬ ফেব্রুয়ারি রিলিজ করছে। আর তারপরই ধারাভাষ্যকারের ভূমিকায় নতুন একটা কাজ শুরু করতে পারায় সম্মানিত বোধ করছি।’ সিনেমার পরিচালক আর বালকি মনে করেন এই কন্ঠস্বরই ভারত-পাকিস্তানকে এক করতে পারবে।
