আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ সেপ্টেম্বর || ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের ৫০ বছর পূর্তিকে এক ঐতিহাসিক বানানোর উদ্দেশ্যে বিগত দু’বছর যাবত গান্ধীবাদী যুব সামাজিক সংগঠন যুব বিকাশ কেন্দ্র তার নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে আগামী ২০ থেকে ২৭শে নভেম্বর ২০২২ আগরতলার উমাকান্ত ময়দানে একটি ইন্টারন্যাশনাল ইউথ এন্ড কালচারাল ফেস্টিবাল “হেরিটেজ ফেস্ট – ২০২২” এর আয়োজন করতে যাচ্ছে যুব বিকাশ কেন্দ্র।
রবিবার যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদারের নেতৃত্বে পিংকু দাস, পাঞ্চালি দেববর্মা এবং প্রতিমা দেববর্মা সহ ৪ সদস্যের এক প্রতিনিধি দল নতুন দিল্লী আকবর রোডস্থিত কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের বাসভবনে উনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে “হেরিটেজ ফেস্ট – 2022” সম্পর্কে অবগত করানো হয়। ২০শে নভেম্বর ২০২২ হেরিটেজ ফেস্ট – ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রধান অতিথি রূপে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যুব বিকাশ কেন্দ্রের কর্মকাণ্ড সম্বন্ধে জানতে পেরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের নিমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আগামী ২০শে নভেম্বর রাজ্যের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। এদিন নতুন দিল্লীর আকবর রোডস্থিত মন্ত্রীর বাসভবন থেকে “হেরিটেজ ফেস্ট ২০২২” এর স্মরণিকার বিমোচন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর হাত দিয়ে হয়েছে।
