আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর || উত্তর-পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা সেরা পারফর্মিং স্টেট নোডাল এজেন্সি, পিএম কুসুম স্কিমের অধীন সর্বাধিক সংখ্যক সোলার পাম্প স্থাপন এবং দ্বিতীয় সর্বাধিক সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে পুরস্কারে ভূষিত হয়েছে। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ।
এদিন তিনি বলেন, রাজ্য সরকারের পিএম কুসুম স্কিমে ভর্তুকিতে সোলার পাম্প স্থাপনে মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে তাদের দ্বিগুণ ফসল ও দ্বিগুণ আয়ের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যেখানে গিফট পাওয়ার নেই সেখানে ৪ হাজার সোলার পাম্প স্থাপনের জন্য টি আর ই ডি এ উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পে সরকারের ব্যয় হবে ১১২ কোটি টাকা। গ্রামীন এলাকা গুলিতে বাজারে আশা যাওয়ার ক্ষেত্রে রাস্তার দুধার সোলার লাইট বসিয়ে আলোকিত করা হয়েছে বলে জানান তিনি। তিনি জানান, ৩ লক্ষ ছাত্র ছাত্রীদের স্টাডি ল্যাম্প প্রদান করা হয়েছে। গ্রামীন বাজার আলোক জ্যোতি প্রকল্পের মাধ্যমে ১৫ হাজার সোলার লাইট প্রদান করা হয়েছে। প্রথম বসানো হয়েছে পিছিয়ে পড়া ব্লক গুলিতে। রইস্যাবাড়ি, গঙ্গানগরে এগুলি বসানো হয়েছে। এতে করে এই সমস্ত এলাকায় ব্যবসার সময় বেড়েছে। তিনি বলেন, ১২ হাজার সোলার লাইট ব্লকে ব্লকে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয় ও ভবিষ্যৎ এর কথা চিন্তা করেই সোলার শক্তির দিকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাম্প চালানোর জন্য সোলার শক্তি ব্যবহার করা হচ্ছে। এখন ৫০০ টাকায় বায়ো গ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। কিল্লা ব্লকে বায়ো ভিলেজ এবং সোলার প্ল্যান্ট ভিলেজ গড়ার পাইলট প্রকল্প চলছে। এদিন তিনটি পুরষ্কার তুলে ধরেন উপ-মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রীজেশ পান্ডে এবং টেডার ডি জি সহ অন্যান্যরা।
