আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || বৃহস্পতিবার সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদের একদিনের সভা অনুষ্ঠিত হয় পার্টি রাজ্য দপ্তর জুনু দাস ভবনে। এদিনের সভায় উপস্থিত ছিলেন সিপিআই জাতীয় সম্পাদকমন্ডলীর সদস্য পল্লব সেনগুপ্ত। সিপিআই রাজ্য পরিষদের সদস্যা তুলসী দাস কপালির সভাপতিত্তে সভার কাজ শুরু হয়। সভার প্রথমেই সিপিআই রাজ্য পরিষদের প্রাক্তন সদস্য কৃষ্ণপদ দেববর্মা, প্রবীণ সিপিআই নেত্রী স্বাধীনতা দেববর্মা, প্রয়াত আরএসপি নেতা কালিপদ ভট্টাচার্য্য, প্রয়াত সিপিআই(এম) বিধায়ক শামসুল হক, শহীদ বাম কর্মী দিলীপ শুক্লা দাস, প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক চন্দ্রকান্ত মুড়াসিং, কুমারঘাটে ভয়াবহ বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত, মণিপুরে চলমান জাতিগত দাঙ্গায় নিহত এবং প্রয়াত বাম গণতান্ত্রিক আন্দোলনের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রথমেই বক্তব্য রাখতে গিয়ে সিপিআই জাতীয় সম্পাদকমন্ডলীর সদস্য পল্লব সেনগুপ্ত গত মাসে দিল্লিতে অনুষ্ঠিত পার্টির জাতীয় পরিষদের সভার রিপোর্টিং এবং জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিস্তারিত ভাবে আলোচনা করেন।
তারপর রাজ্য পরিস্থিতি এবং সংগঠনিক রিপোর্টিং করেন সিপিআই রাজ্য ডাঃ যুধিষ্টির দাস।
সভায় ২০২৩ বিধানসভার নির্বাচন সম্পর্কে বিস্তারিত পর্যলোচনা করা হয়। সভায় রাজ্যে বর্তমান ক্ষমতাসিন বিজেপি জোট সরকারের বিভিন্ন জনবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে নিন্দা করা হয় এবং আগামীদিনে সরকারের এই জনবিরোধী কর্মসূচির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য পরিষদের সভায় মণিপুরের চলমান জাতি দাঙ্গা এবং হিংসা সম্বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
রাজ্য পরিষদের সভা থেকে ঠিক হয় আগামী ২রা সেপ্টেম্বর গণমুক্তি পরিষদ, কৃষক সভা এবং ভারতীয় ক্ষেত মজদুর ইউনিয়ন ডাকে আগরতলায় বিভিন্ন দাবি নিয়ে এক কনভেনশন অনুষ্ঠিত হবে। ৭ই নভেম্বর মহান নভেম্বর বিপ্লব দিবসের দিন বিভিন্ন দাবি নিয়ে সিপিআই রাজ্য পরিষদের ডাকে আগরতলায় এক গণধর্ণা অনুষ্ঠিত হবে।
সভা থেকে পার্টিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে গড়ে তুলে এবং আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে বিকাল ৫’টায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই জাতীয় সম্পাদকমন্ডলীর সদস্য পল্লব সেনগুপ্ত, সিপিআই রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য এবং সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য রঞ্জিত মজুমদার প্রমুখ। সাংবাদিক সম্মেলনে রাজ্য পরিষদের সভার সিদ্ধান্ত এবং পার্টির আগামীদিনের কর্মসূচি বিস্তারিত তুলে ধরা হয়।
