আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ০৩ আগস্ট || কৈলাসহরের ভগবান নগর গ্ৰামের ২নং ওয়ার্ডে প্রচুর সংখ্যক সিপিআই(এম) কর্মী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহার হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করে। বৃহস্পতিবার এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মহঃ বদরুজ্জামান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন আনুমানিক ৭০ পরিবার কংগ্রেসে যোগদান করে। অনুমান করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই বীরজিৎ সিনহার নেতৃত্বে সমগ্ৰ উত্তর ও ধলাই জেলায় বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন দল থেকে জাতীয় কংগ্রেসে যোগদান করবেন। সমাজের বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক অবস্থার উন্নতি, শিক্ষা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় বিভিন্ন সম্প্রদায়ের জন্য কমিউনিটি ডেভলপমেন্ট কাউন্সিল গঠনের দাবি নিয়ে বীরজিৎ সিনহা সহসা আন্দোলন শুরু করতে চলছেন। এই ডেভলপমেন্ট কাউন্সিল সংবিধানের মধ্যেই তার ব্যবস্থাপনা রয়েছে এবং আসামে ৩৩টা জাতিগোষ্ঠীর জন্য আলাদা ডেভলপমেন্ট কাউন্সিল চালু আছে। বীরজিৎ সিনহা অবিলম্বে এই কমিউনিটি ডেভলপমেন্ট কাউন্সিল ত্রিপুরায় চালু করার জন্য এবং সমাজের সকল সম্প্রদায়ের জন্য সংবিধানের এই অধিকারের সুযোগ প্রদানের দাবীতে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানা গেছে।
