সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ আগস্ট || শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাবের সার্ধশতবর্ষ স্মরণে খোয়াই জেলা ভিত্তিক স্মরণোৎসব আগামী ২০শে আগস্ট (রবিবার) এক বর্ণময় কর্মসূচীর মধ্যে তেলিয়ামুড়াস্থিত চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করেন খোয়াই জেলা ভিত্তিক উৎসব উৎযাপন কমিটি। তেলিয়ামুড়া পুলিনপুরস্থিত মহানাম অঙ্গন আশ্রমে অনুষ্ঠিত হয় এই সাংবাদিক বৈঠক। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহানাম অঙ্গন আশ্রমের চেয়ারম্যান গৌরী রায়, সভাপতি নিতাই পাল সহ অন্যান্যরা। আগামী ২০শে আগস্ট জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাবের সার্ধশতবর্ষ উৎযাপন অনুষ্ঠান সম্পর্কে গৌরী রায় জানান, এদিন খোয়াই জেলা এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দের হাজার লোকের সমাগম হবে। তিনি জানান, এদিন সকাল ১০টায় তেলিয়ামুড়া টাউন হল চিত্রাঙ্গদা কলাকেন্দ্রের সামনে থেকে শুরু হবে বর্ণাঢ্য নগর সংকীর্তন সহ শোভাযাত্রা। তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় চিত্রাঙ্গদা কলাকেন্দ্রের সামনে এসে সমাপ্ত হবে এই শোভাযাত্রা। এরপর টাউন হলে শুরু হবে জেলাভিত্তিক স্মরনোৎসব।
এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন আগরতলাস্থিত শ্রী শ্রী মহানাম অঙ্গঁনের মঠাধ্যক্ষ শ্রীমৎ সমাধিবন্ধু ব্রহ্মচারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়, বিশেষ অতিথি হিসেবে মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সভাপতি ডাঃ সঞ্জয় নাথ, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সম্পাদক সুদীপ কুমার রায়, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ বিশালগড় শাখার সম্পাদক মিঠুন রায়, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য আশ্ৰম তেলিয়ামুড়ার মঠাধ্যক্ষ শ্রীমৎ রামানন্দ গোস্বামী। উক্ত অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার সকল মন্দির মঠের সদস্যদেরকেও এদিনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করার আমন্ত্রণ জানানো হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।
