আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || রাজধানীর রামনগর ৪ নম্বর রোড এলাকার একটি ফ্ল্যাটে ঘটে যাওয়া রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ যুবক শুভ্রজিৎ চৌধুরী (৩৩) শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার প্রয়াত হন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, প্রয়াত শুভ্রজিৎ চৌধুরীর বাড়ি রাজধানীর কের চৌমুহনী এলাকায়। তিনি রামনগরের ওই ফ্ল্যাটে অবস্থিত ABACUS সংস্থায় কর্মরত ছিলেন। বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার দুপুরে তাঁর নশ্বর দেহ বাড়িতে নিয়ে আসা হলে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে তাঁদের পাশে রয়েছে প্রশাসন ও সমাজ।
এদিন শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সহ-সভাপতি পাপিয়া দত্ত, ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্যসহ দলের অন্যান্য নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলেই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত শুভ্রজিৎ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রামনগর ৪ নম্বর রোডের একটি ফ্ল্যাটে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং একাধিক ব্যক্তি আহত হন। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
