সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ নভেম্বর || লরির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু এক যুবকের! ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়া টাউন হল সংলগ্ন অসম-আগরতলা জাতীয় সড়কে। নিহত যুবকের নাম রুস্তম দেববর্মা।
ঘটনার বিবরণে জানা যায়, অসম-আগরতলা জাতীয় সড়ক ধরে AS01 QC 1073 নম্বরের একটি কন্টেইনার লরি আগরতলার দিকে যাওয়ার পথে তেলিয়ামুড়া টাউন হল সংলগ্ন এলাকায় TR 06B 9436 একটি স্কুটির সঙ্গে লরিটির ভয়াবহ সংঘর্ষ হয়। এতে স্কুটিটি লরির পেছনের চাকার নিচে পৃষ্ঠ হয়ে যায় এবং স্কুটিতে থাকা স্কুটির চালক রুস্তম দেববর্মা লরির চাকায় পৃষ্ঠ হয়ে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। এই যান দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তড়িঘড়ি দুর্ঘটনা স্থলে পৌঁছে স্কুটির চালক রুস্তম দেববর্মার মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এই ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের লোকজনেরাও ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং কান্নায় ভেঙে পড়ে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সূত্রে জানা যায়, ময়নাতদন্তের পর তার মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের লোকজনদের হাতে।
অন্যদিকে, এই ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই কন্টেইনার লরিটি। তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ লরিটির পিছু ধাওয়া করে হাওয়ায় বাড়ি নাকা পয়েন্টে ওই কন্টেইনার লরিটি’কে আটক করে এবং ওই কন্টেইনার লরিটির চালক বহির রাজ্য অসমের বাসিন্দা ইনামুল হক এবং সহ চালক সাজেদ আব্দুল্লাহ’কে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্য জানিয়েছে, এই ঘটনায় তেলিয়ামুড়া থানায় একটি মামলা লিপিবদ্ধ হবে এবং ঘটনার তদন্ত করা হবে।
বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে জন মনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
