আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর || বীর বিক্রম মেমোরিয়াল মহাবিদ্যালয়ের নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠিত হয় সোমবার। এদিন রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং মিলনায়তনে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী, রাজ্যের বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, কলেজের অধ্যক্ষ রতন দেব সহ মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজকের ছাত্র-ছাত্রীরা আগামীর ভবিষ্যৎ। এরাই ভবিষ্যতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই লক্ষ্যে সকল ছাত্র-ছাত্রীদেরকে দেশাত্মবোধের ভাবনায় এবং সঠিক দিশায় পরিচালনা করার ক্ষেত্রে আমাদের সংকল্পবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এদিন মন্ত্রী সুশান্ত চৌধূরী বলেন, আমার বিশ্বাস, সকল নবীন বিদ্যার্থীদের শুভাগমন এই কলেজের গৌরববৃদ্ধিকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, সকল নবীনদের অনাগত দিনগুলো সুন্দর, মধুময় ও প্রাণ প্রাচুর্যে সমৃদ্ধ হয়ে উঠুক, এ প্রার্থনা করছি।
