শ্বশুর বাড়িতে চুরি করতে এসে এলাকাবাসী দ্বারা আটক জামাই

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৯ মার্চ || নিজ শ্বশুর বাড়িতে চুরি করতে এসে এলাকাবাসী দ্বারা আটক জামাই এখন পুলিশি হেপাজতে। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন নয়ন পুর চামপ্লাই এলাকায়।
কথায় আছে শ্বশুর বাড়ি মথুরা পুরি। জামাইয়ের আদর শ্বশুর বাড়িতে একটু অন্য মাত্রায় থাকে। কিন্তু জামাই যখন সেই শ্বশুর বাড়িতেই চুরি করতে আসে তখন মথুরা পুরি যেন পাল্টে অন্য কিছু হয়ে যায়। এমনই এক ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন নয়ন পুর চামপ্লাই এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, চামপ্লাই এলাকার বাসিন্দা রনধির রায়ের মেয়ের জামাই সুখরঞ্জন রায় শ্বশুর বাড়িতে শ্বশুরের অবর্তমানে, অন্য আরেক জনকে সাথে নিয়ে ঘরের তালা ভাঙ্গে। এরপর ঘরের আলমিরা, সোকেস ভাংচুর করে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এলাকাবাসীদের নজরে আসতে আটক করে জামাই সুখরঞ্জন সহ তার সাথিকে।
জানা যায়, সুখরঞ্জন তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায় থাকে তার স্ত্রীকে নিয়ে। কোন এক পারিবারিক ঝামেলায় শাশুড়িও এই বাড়িতে থাকে না। শশুরও প্রায়ই বাড়ি খালি রেখে বেরিয়ে যায়। অন্যদিকে শ্বশুর সহজ সরল থাকার সুযোগ নিয়ে এর আগেও জামাই চুরি করে গরু সহ মূল্যবান জিনিস নিয়ে যায় বলেও অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবারও বাড়িতে শ্বশুর যখন বাড়িতে ছিল না সেই সুযোগে চুরি করতে আসে জামাই। এলাকবাসী আগে থেকেই তার উপর নজর রাখছিল। কিন্তু হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হয়নি। এদিন আর এলাকাবাসীর নজর এরাতে সফল হয়নি সে। শেষে স্থানীয় বাসিন্দারা জমাই এবং তার সঙ্গীকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের থানায় এনে ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা করছ বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*