ছয় দফা দাবিতে কৈলাসহর মহকুমাশাসকের নিকট ডেপুটেশন সিপিআই’র

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ২৯ মে || সম্প্রতি গঠিত সিপিআই কৈলাসহর বিভাগীয় পরিষদ জনগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবির ভিত্তিতে বৃহস্পতিবার ছয় দফা দাবি নিয়ে কৈলাসহর মহকুমাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ, সিপিআই’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে ছয় দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন জমা দেয়। উত্তর কৈলাসহরের ছিনিয়া ছড়া ও আশপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যা এবং বর্ষায় জলবন্দি পরিস্থিতির নিরসনের দাবিতে বিভিন্ন ছড়া ও খাল-নালার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নতুন করে বাঁধ সংস্কারের জোর দাবি জানানো হয়।
কৈলাসহর পৌর পরিষদের ড্রেনগুলির সংস্কার এবং সেগুলিকে আরও গভীর করার দাবিও জানানো হয় যাতে বর্ষার সময় দ্রুত জল নিষ্কাশন সম্ভব হয় এবং জলাবদ্ধতা না হয়।
অর্থনৈতিক দাবির মধ্যে ছিল রেগা প্রকল্পে মজুরি ৬০০ টাকা নির্ধারণ এবং ২০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান। এই দাবিটি গ্রামীণ শ্রমজীবী মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দলটি জানায়।
এছাড়াও, সামনে ঈদ-উল-আযহা উপলক্ষে মানুষ যাতে নির্ভয়ে কুরবানির পশু ক্রয় করে বাসায় নিয়ে যেতে পারে, সে বিষয়েও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় প্রশাসনের কাছে।
এদিনের ডেপুটেশন প্রদানকারী দলের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিআই কৈলাসহর বিভাগীয় পরিষদের বিভাগীয় সম্পাদক সায়েদ আলী বাদশা, বিভাগীয় সহ-সম্পাদিকা হাসনা বেগম, বিভাগীয় কোষাধ্যক্ষ এস. এম. আলী, বিভাগীয় সদস্য আসব আলী, আবদুল হোসেন মোল্লা, এছাড়াও আরও অনেকে প্রতিনিধি দলে অংশ নেন।
ডেপুটেশন শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে সম্পাদক সায়েদ আলী বাদশা জানান, এই দাবিগুলি শুধুমাত্র রাজনৈতিক নয় বরং সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রশাসন যদি এই বিষয়ে তৎপর না হয়, তাহলে সিপিআই আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*