বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ মে || দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বগাফা বনদপ্তরের বিরুদ্ধে জয়ী হলেন শান্তিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুজিত সেন। বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের রায়ে তাঁর বাজেয়াপ্ত করা ফার্নিচার ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, সুজিত সেন “সেন স্টীল এন্ড উডেন ফার্নিচার” নামে নিজের ব্যবসা সততার সঙ্গে পরিচালনা করে আসছিলেন। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে তিনি ২০২৩ সালের ২৩ জানুয়ারি কলকাতা থেকে বৈধ উপায়ে কিছু ফার্নিচার নিয়ে আসেন। তবে পরদিন, অর্থাৎ ২৪ জানুয়ারি, বগাফা বনদপ্তর কর্তৃপক্ষ সেই ফার্নিচারগুলি গাড়িসহ আটক করে নিজেদের দপ্তরে নিয়ে যায় বলে অভিযোগ।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুজিত সেন আইনের আশ্রয় নেন এবং ২০২৪ সালের ৬ জুন বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর অবশেষে ২০২৬ সালের ৩০ এপ্রিল আদালত রায় ঘোষণা করে। রায়ে জানানো হয়, প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার ৩৭৮ টাকার ফার্নিচার অবৈধভাবে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং তা অবিলম্বে ফেরত দিতে হবে।
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজিত সেন বলেন, “শুধু ফার্নিচার ফেরত পেলেই হবে না, দীর্ঘদিন ধরে আমাকে যে হয়রানির শিকার হতে হয়েছে, তার জন্য দায়ীদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।” তিনি আরও দাবি করেন, ভবিষ্যতে যাতে অন্য কোনো ব্যবসায়ী এ ধরনের সমস্যার সম্মুখীন না হন, সে বিষয়ে প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন।
এদিকে, বগাফা বনদপ্তরের বিরুদ্ধে আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল বলে জানা যায়। বর্তমানে সংশ্লিষ্ট রেঞ্জার ও এসডিএফও-র বিরুদ্ধে বেআইনি উপায়ে অর্থ উপার্জন, বনসম্পদ বিক্রি এবং উন্নয়নমূলক প্রকল্পে অনিয়মের অভিযোগও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, সৎ ব্যবসায়ীদের হয়রানি করা হলেও অবৈধ কর্মকাণ্ডে যুক্তদের বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তর অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের।
