পশ্চিমবঙ্গে অভূতপূর্ব জয়ের পর ত্রিপুরায় ফিরলেন বিপ্লব কুমার দেব, এমবিবি বিমানবন্দরে উচ্ছ্বাসের ঢল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে || পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ও ঐতিহাসিক জয়ের পর রাজ্যে এসে পৌঁছালেন পশ্চিমবঙ্গের বিজেপির বিজয়ের অন্যতম কান্ডারী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
জানা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সহ-প্রভারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিপ্লব দেবের এই সফরকে কেন্দ্র করে দলের মধ্যে উৎসাহ তুঙ্গে। বিমানবন্দরে উপস্থিত কর্মী-সমর্থকরা ফুল, মালা ও স্লোগানের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
দলীয় সূত্রে খবর, পশ্চিমবঙ্গের জয়ের পর তিনি ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ গ্রহণের উদ্দেশ্যে রাজ্যে এসেছেন। এই সফরকে রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজেপির এই জয়ের পর দলের নেতাদের একাংশ মনে করছেন, পূর্বাঞ্চলে সংগঠন আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেই প্রেক্ষিতেই বিপ্লব দেবের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*