আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে || পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের পতনের খবরে প্রতিবেশী রাজ্য ত্রিপুরার আগরতলায় খুশির জোয়ার দেখা গেল। মঙ্গলবার বিজেপির ঐতিহাসিক জয় উদযাপন করতে ৯-বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে এক অভিনব বিজয় উৎসবের আয়োজন করা হয়।
আগরতলা প্রান্তিক ক্লাবের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী। বাংলার রাজনৈতিক পরিবর্তনের আনন্দে তিনি দলীয় কার্যকর্তাদের সঙ্গে ঝালমুড়ি এবং গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির-এর বিখ্যাত পেঁড়া খেয়ে আনন্দ ভাগ করে নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯-বনমালীপুর বিজেপি মন্ডলের সভাপতি, মন্ডল সদস্য দিব্যেন্দু দত্ত সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিনের কর্মসূচিতে মিষ্টি বিতরণ, স্লোগান এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিজয় উদযাপন করেন দলীয় সমর্থকরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্যী বলেন, পশ্চিমবঙ্গের মানুষ স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটিয়ে গণতন্ত্রের জয় নিশ্চিত করেছেন। প্রতিবেশী রাজ্যের এই রাজনৈতিক পরিবর্তনে ত্রিপুরার বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উৎসবমুখর পরিবেশে একে অপরকে মিষ্টি খাইয়ে এবং স্লোগান তুলে দীর্ঘক্ষণ ধরে বিজয়োল্লাসে মেতে থাকেন উপস্থিত সকলেই।
