বিকশিত কৃষি সংকল্প অভিযানে মধ্য সিঙ্গিছড়ায় রথযাত্রা ও কৃষক সম্মেলন, কৃষকদের অনুপ্রাণিত করলেন মন্ত্রী রতন লাল নাথ

গোপাল সিং, খোয়াই, ৩০ মে || বিকশিত কৃষি সংকল্প অভিযানের দ্বিতীয় দিনে খোয়াইয়ের মধ্য সিঙ্গিছড়ায় শুক্রবার অনুষ্ঠিত হলো এক বিশেষ রথযাত্রা ও কৃষক সম্মেলন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
রথযাত্রা শেষে রুদ্রবিনা কমিউনিটি হলে আয়োজিত হয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা, যেখানে কৃষি বিজ্ঞানী, কৃষি ও পশুপালন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কৃষকেরা খোলামেলা আলোচনা করেন। কৃষকদের নানা সমস্যার কথা শুনে মন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশ ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন, “ভরা বর্ষার মধ্যেও কৃষকদের এই উপস্থিতি প্রমাণ করে তাদের আগ্রহ ও দায়বদ্ধতা। আমি নিশ্চিত, ফসলের মাঠ এবার ফুলে ফলে ভরে উঠবে। জয় হবে কৃষি ও কৃষকের।”
তিনি পাম চাষে আগ্রহীদের বিশেষ সহায়তার কথা ঘোষণা করেন এবং বলেন, “যদি কেউ ১০ কানি জমিতে পাম চাষ করতে রাজি হন, তাহলে শুরু থেকে শেষ অবধি সমস্ত খরচ সরকারের তরফ থেকে বহন করা হবে।”
অনুষ্ঠান চলাকালীন সময়েই তিনি হর্টিকালচার দপ্তরের আধিকারিকদের উপস্থিত কৃষকদের সামনে প্রয়োজনীয় নির্দেশ দেন ও পাম চাষ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। কৃষকদের প্রতি সম্মান জানিয়ে এক কৃষকের পা ছুঁয়ে প্রণাম করার মুহূর্ত সকলের নজর কাড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*