রাজভবনে সৌর শক্তির সূচনা, পরিবেশ রক্ষায় ত্রিপুরার ঐতিহাসিক পদক্ষেপ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৮ জুন || বিশ্ব পরিবেশ দিবসের পরদিন, ত্রিপুরা এক যুগান্তকারী পদক্ষেপ, রাজভবনে ৪০ কিলোওয়াট পিক (kWp) ক্ষমতাসম্পন্ন একটি গ্রিড সংযুক্ত সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সৌর প্রকল্পের সূচনা করেন।
এই ৩০ লক্ষ টাকার প্রকল্পটি ওড়িশাভিত্তিক একটি নবায়নযোগ্য শক্তি সংস্থার অর্থায়নে এবং ত্রিপুরা নবায়নযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা (TREDA)-র বাস্তবায়নে সম্পন্ন হয়েছে। এর ফলে রাজভবন হবে ত্রিপুরার প্রথম সাংবিধানিক ভবন যা সম্পূর্ণভাবে নবায়নযোগ্য শক্তিতে পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, “আজকের দিনে সৌর শক্তি শুধুই বিকল্প নয়, বরং একটি প্রয়োজন। সরকারের উদার নীতির ফলে সৌর প্রযুক্তির খরচ অনেক কমে এসেছে। সাধারণ মানুষ ও সরকারি প্রতিষ্ঠানগুলি এর সুবিধা গ্রহণ করতে পারে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এটি পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সাশ্রয়ও করছে।
রাজ্যপাল জানান, এই সৌর কেন্দ্রটি বছরে প্রায় ৫০,০০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে, যার ফলে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমবে। এছাড়াও এটি রাজভবনের কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজ্যপাল স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (SHGs) এ ধরনের উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান, যাতে গ্রামীণ কৃষি ও সেচ ব্যবস্থায় সৌর শক্তি ব্যবহারের পরিসর বাড়ানো যায়।
এই প্রকল্প ভারতের ২০৭০ সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমনের লক্ষ্যে এবং ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অ-জ্বালানিভিত্তিক শক্তি উৎপাদনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*