প্রচারেই ফাঁকি, লক্ষ টাকার শিবিরে দর্শক হাতেগোনা, মুখ থুবড়ে পড়ল বিদ্যুৎ দপ্তরের ‘সূর্য ঘর’ যোজনার শিবির

গোপাল সিং, খোয়াই, ১৪ এপ্রিল || কেন্দ্রীয় সরকারের একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প, যার প্রচারে রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, কিন্তু প্রচারের অভাবে সেই মহৎ উদ্যোগই কার্যত প্রহসনে পরিণত হলো খোয়াইয়ে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা’র বিশেষ শিবির আজ কার্যত মাছি তাড়াল। প্রত্যক্ষদর্শীদের দাবি, সারাদিনের শিবিরে দর্শকের সংখ্যা ২০-২৫ জনও পেরোয়নি, মাঠ জুড়ে ছিল খালি চেয়ারের সারি।
শনিবার খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল মাঠে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভেন্ডারদের আমন্ত্রণ জানানো হলেও, জনগণের সাড়া না পেয়ে তাঁদের হতাশা ও ক্ষোভ নিয়ে খালি হাতে ফিরতে হয়েছে।
বিষয়টি আরও পরিহাসের কারণ, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ যখন রাজ্যজুড়ে এই প্রকল্পের প্রচারে গলা ফাটাচ্ছেন, তখন তাঁরই দপ্তরের এমন বেহাল দশা জনমনে প্রশ্ন তুলেছে। অভিযোগ উঠেছে, এত বড় একটি কর্মসূচির জন্য শুক্রবার, অর্থাৎ ১৩ই জুন, শুধুমাত্র নামমাত্র মাইকিং করেই প্রচারের দায়িত্ব সেরেছে দপ্তর, যার ফলে অধিকাংশ মানুষই এই শিবির সম্পর্কে জানতে পারেননি।
যদিও অনুষ্ঠানে খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন, কিন্তু কর্মসূচির এই করুণ চিত্র তাঁদেরও হতাশ করেছে। দপ্তরের এই খামখেয়ালিপনায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন চেয়ারপার্সন নিজেও।
সব মিলিয়ে, একটি সম্ভাবনাময় কেন্দ্রীয় প্রকল্প শুধুমাত্র উদাসীনতার কারণে খোয়াইবাসীর কাছে পৌঁছাতে ব্যর্থ হলো। জনগণের অভিমত, জাতীয় স্তরের একটি প্রকল্প নিয়ে বিদ্যুৎ দপ্তরের আরও অনেক বেশি দায়িত্বশীল ও স্বচ্ছ হওয়া উচিত ছিল। অসন্তোষের আবহের মধ্যেই এদিনের এই সরকারি কর্মসূচির সমাপ্তি ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*