আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || চুরির ঘটনা এবার সাধারণ বাড়িঘরে সীমাবদ্ধ রইল না। রবিবার রাতে চোরের দল হানা দিল আড়ালিয়া অনুকুল ঠাকুর আশ্রম সংলগ্ন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক সরকারি অফিসে। এই অফিসটি ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত, যার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর হলেন সুভাষ ভৌমিক। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে অফিস বন্ধ থাকার সুযোগ নিয়ে চোরেরা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। কী কী খোয়া গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
চুরির পরিপ্রেক্ষিতে পুলিশের টহলদারির কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। অনেকেই অভিযোগ করছেন, বিগত কিছুদিন ধরেই এলাকায় চুরির প্রবণতা বাড়ছে, অথচ পুলিশের টহল ততটা সক্রিয় নয়।
সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত তদন্তের আশ্বাস দেন।
এলাকাবাসীরা দাবি তুলেছেন, পুলিশের নজরদারি আরও জোরদার করতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
