আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরার রসায়ন বিভাগ আয়োজিত আন্তর্জাতিক সেমিনার “Frontiers in Chemistry for a Sustainable Future (FCSF 2025)” ২রা জুলাই, বুধবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সূচনা অধিবেশনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক (ডঃ) এ. রঙ্গনাথ এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক (ডঃ) প্রিয়াংশু রানা বরঠাকুর। ইকফাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন তাঁদের মূল্যবান বক্তব্যে সম্মেলনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। কনভেনার হিসাবে সম্মেলনের সারসংক্ষেপ তুলে ধরেন রসায়ন বিভাগের প্রধান ডঃ গনেশ চন্দ্র পাল।
এদিন সকাল ১১টা থেকে শুরু হয় প্লেনারি লেকচার পর্ব। প্রথম প্লেনারি বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইআইটি গৌহাটির রসায়ন বিভাগের প্রখ্যাত অধ্যাপক ডঃ সুভাষ চন্দ্র প্যান। তাঁর আলোচনার বিষয় ছিল – “Silver and Iridium Catalyzed Cyclization Reactions and Divergent Annulation with BCBs”।
এরপর আইআইটি বোম্বের অধ্যাপক ডঃ রডনি এ. ফার্নান্ডেজ “Step-Economic Total Synthesis of Selected Natural Products” শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন।
সম্মেলনের প্রথম দিনের সমাপ্তি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট সেলের ডিন অধ্যাপক (ডঃ) স্বর্ণালী নাথ চৌধুরী, যিনি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৩রা জুলাই, বৃহস্পতিবার সম্মেলনের দ্বিতীয় দিনে মূল আকর্ষণ ছিল মৌখিক উপস্থাপনা পর্ব। একাধিক গবেষক তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করেন। বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র থেকে আগত অংশগ্রহণকারীরা রসায়নের বিভিন্ন শাখায় তাঁদের মৌলিক ও প্রয়োগমূলক গবেষণার বিষয়গুলি তুলে ধরেন। তরুণ গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে এই সেশন বিশেষ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।
৪ই জুলাই, শুক্রবার, সন্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ কীনোট লেকচার।
সকাল ১০টায় বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডঃ স্বপন মজুমদার। তাঁর আলোচ্য বিষয় ছিল – “Green chemistry approach towards the synthesis of novel functional heterocycles: Challenges and opportunities”।
এরপর ধারাবাহিকভাবে আরও দুইটি কীনোট বক্তৃতা অনুষ্ঠিত হয়।
আগরতলার বি বি এম কলেজের অধ্যাপক ডঃ অরিজিৎ দাস তাঁর বক্তব্যে “LP and NC Discriminate Hybridization with Aromaticity Reactivity Patterns” বিষয়টি তুলে ধরেন।
ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যাপক ডঃ সুমন অধিকারী বক্তব্য রাখেন “Supramolecular networks engineered via Cooperativity effects between Tetrel bonding and Hydrogen bonding interactions in Pb(II) complexes” শীর্ষক বিষয়ে।
সমগ্র সম্মেলনে প্লেনারি লেকচার, কীনোট লেকচার, টেকনিক্যাল সেশন, মৌখিক উপস্থাপনা এবং প্যানেল ডিসকাশনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে রসায়নের সাম্প্রতিক অগ্রগতি এবং আন্তঃবিভাগীয় গবেষণার দিকগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আয়োজক সংস্থা ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা মনে করে, এই সম্মেলন সংশ্লিষ্ট বিষয়ের গবেষক, শিক্ষার্থী এবং বিজ্ঞানমনস্ক মহলের কাছে এক অনন্য অভিজ্ঞতা এবং নতুন জ্ঞানের দুয়ার উন্মোচন করেছে।
এই সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপকগণ যথাক্রমে ডঃ গনেশ চন্দ্র পাল, ডঃ স্বর্নালী নাথ চৌধূরী, ডঃ শুভদ্বীপ রায়, ডঃ তুফান সিং মহাপাত্র, ডঃ অমিতাভ শর্মা, ডঃ প্রশান্ত সুত্রধর, ডঃ দিলীপ নাথ, ডঃ অঙ্কিতা চক্রবর্তী, ডঃ সহেলী রায় সহ লেব ইন্সট্রাক্টর শান্তনু চক্রবর্তী, বিশ্বজিৎ দে এবং নিপন দেবনাথ।
