সুব্রত দাস, গন্ডাছড়া, ২৪ জুলাই || রেগা (MGNREGA) প্রকল্পের আওতায় কাজ না পাওয়া এবং অন্যান্য দাবিদাওয়া নিয়ে গন্ডাছড়ায় পথ অবরোধে সামিল হলেন পাখি ত্রিপুরা পাড়া এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকেই গন্ডাছড়া-রইস্যাবাড়ি প্রধান সড়কে এই অবরোধ শুরু হয়।
আজ সাপ্তাহিক হাটের দিন হওয়ায় গন্ডাছড়া বাজার মুখী রাস্তায় প্রচুর যানবাহনের চাপ ছিল। কিন্তু অবরোধের জেরে এক সময় রাস্তার দু’ধারে সৃষ্টি হয় বিশাল যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে সাধারণ মানুষ। এমনকি একটি অ্যাম্বুলেন্সও অবরোধে আটকে যায়, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেগার অধীনে কাজ পাচ্ছেন না তাঁরা। বহুবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এছাড়া গ্রামাঞ্চলে মৌলিক নাগরিক সুবিধার অভাব, জলসংকট, সড়ক সংস্কারের মতো বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
অ্যাম্বুলেন্স আটকে পড়ার পর রোগীর পরিবারের পক্ষ থেকে অবরোধকারীদের কাছে বারবার অনুরোধ জানানো হলেও, নিজেদের দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে এবং প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবরোধকারীরা আন্দোলন প্রত্যাহার করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্বাভাবিক হয় যান চলাচল। তবে এই অবরোধ ঘিরে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। স্থানীয় বাসিন্দারা আশাবাদী, প্রশাসন এবার অন্তত তাদের দাবিদাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
