গোপাল সিং, খোয়াই, ০৬ আগস্ট || দক্ষতা বিকাশের মাধ্যমে গ্রামীণ স্তরে পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে খোয়াই সরকারি আইটিআই (ITI)-তে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নল জল মিত্র’ প্রকল্পের অধীনে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করা ৩৬ জন ‘জল বিতরণ সঞ্চালক’-এর হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়।
দক্ষতা বিকাশ দপ্তরের (Directorate of Skill Development) খোয়াই জেলা শাখার তত্ত্বাবধানে আয়োজিত এই শংসাপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত। এছাড়াও মঞ্চ অলংকৃত করেন সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, খোয়াই সরকারি আইটিআই-এর অধ্যক্ষ তথা ডিআইসি-র জেনারেল ম্যানেজার প্রাণ দেববর্মা, দক্ষতা বিকাশ দপ্তরের জেলা কো-অর্ডিনেটর সন্দীপ পাল এবং আইটিআই-এর সুপারিনটেনডেন্ট কার্তিক দেববর্মা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ জানান, এই অনুষ্ঠানে ব্যাচ নং ৩১৫০৯১৪-এর ২৯ জন এবং পুনঃমূল্যায়নের পর ব্যাচ নং ৩০৭৩২৬৬-এর ৭ জন সফল প্রার্থীকে শংসাপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের ভাষণে প্রশিক্ষিত প্রার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। তাঁরা বলেন, এই প্রশিক্ষণ রাজ্যের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রাখার জন্য তাঁরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন।
