গোপাল সিং, খোয়াই, ০৬ আগস্ট || রাজ্যে নেশার কারবার রুখতে বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। ৪১ মাইল নাকা পয়েন্টে রুটিন তল্লাশি অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আজ মুঙ্গিয়াকামী থানার ভারপ্রাপ্ত আধিকারিকের (OC) নেতৃত্বে পুলিশ কর্মীরা ৪১ মাইল এলাকায় নিয়মিত যানবাহন তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে ১৮টি প্লাস্টিকের কৌটোয় রাখা প্রায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। অবৈধ মাদক উদ্ধারের পরই পুলিশ গাড়িচালককে আটক করে। তার বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
