সাগর দেব, তেলিয়ামুড়া, ০৮ আগস্ট || অবিরাম বর্ষণের জেরে কর্দমাক্ত হয়ে উঠেছে তেলিয়ামুড়া পাইকারি সবজি বাজার। দীর্ঘদিন ধরে বাজার চত্বরের ড্রেন পরিষ্কার না হওয়া ও বাজার শেডের নির্মাণকাজ অসম্পূর্ণ থাকার কারণে এই দুরবস্থা চরমে পৌঁছেছে। ফলে প্রতিদিনের মতো শুক্রবারের সাপ্তাহিক হাটেও কৃষক ও ক্রেতাদের দুর্ভোগের সীমা ছাড়িয়েছে।
শুক্রবার সকালে বাজারে প্রবেশ করতেই কাঁদা-জলে একাকার পরিস্থিতি দেখে বিক্ষোভে ফেটে পড়েন কৃষিজাত পণ্য বিক্রেতারা। একজোট হয়ে তাঁরা বাজারে অবস্থিত কৃষি দপ্তরের অস্থায়ী অফিস ঘরে তালা ঝুলিয়ে দেন। অভিযোগ, একাধিকবার সমস্যার কথা জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী ও কৃষি দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালানো হলেও, কৃষকদের স্পষ্ট বার্তা — সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে, কিছুটা শান্ত হন কৃষকরা। তবে তাঁদের দাবি, অবিলম্বে বাজার এলাকার ড্রেনগুলি পরিষ্কার করতে হবে, জমে থাকা নোংরা জল ও কাদামাটি সরিয়ে হাটের উপযোগী পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি, বাজার শেডের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করারও জোর দাবি জানান তাঁরা।
এই ঘটনায় তেলিয়ামুড়া কৃষক সমাজের ক্ষোভ পরিষ্কার। তাঁদের অভিযোগ, “প্রতিশ্রুতির ফুলঝুরি অনেক শুনেছি, এবার চাই বাস্তব পদক্ষেপ।”
প্রশাসনের দৃষ্টিভঙ্গি কতটা বাস্তবায়িত হয়, সেটাই এখন দেখার বিষয়।
