আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ আগস্ট || ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি ও ৬-আগরতলা মণ্ডলের সম্মানিত অভিভাবক সুশ্রী পাপিয়া দত্তর জন্মদিন উপলক্ষে এক মানবিক উদ্যোগ গ্রহণ করল ভারতীয় জনতা যুব মোর্চা (৬ আগরতলা মণ্ডল)। তাঁর জন্মদিনে সমাজের প্রতি দায়বদ্ধতার নিদর্শন স্বরূপ যুব মোর্চার পক্ষ থেকে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির।
শুক্রবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে আয়োজিত এই রক্তদান শিবিরে বিপুল উৎসাহ নিয়ে অংশ নেন মোট ৬৪ জন যুবক-যুবতী। সকালের শুরুতেই রক্তদাতারা শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করেন। শিবির ঘিরে উপস্থিত ছিল উৎসবের আমেজ ও মানবসেবার অঙ্গীকার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাপিয়া দত্ত কেবল রাজনৈতিক নেতৃত্বে নয়, সামাজিক উদ্যোগ ও মানবিক কাজেও অনুপ্রেরণা জোগান। তাঁর জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করে তাঁকে সম্মান জানানো এবং একইসাথে সমাজের প্রয়োজনে রক্তের অভাব পূরণ করাই ছিল মূল উদ্দেশ্য।
এই মহতী উদ্যোগে অংশগ্রহণকারী সকল রক্তদাতাকে সার্টিফিকেট ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় যুব মোর্চার তরফে। উপস্থিত ছিলেন মণ্ডল নেতৃত্বের একাধিক কর্মী-সমর্থক।
রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হওয়ায় ৬-আগরতলা মণ্ডল যুব মোর্চার এই প্রচেষ্টা সর্বস্তরে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এমন জনহিতকর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মণ্ডল নেতৃত্ব।
