আচমকা অসুস্থ স্পিকার বিশ্ববন্ধু সেনের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার, আইসিইউতে চিকিৎসাধীন, অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || শুক্রবার সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন। জানা গেছে, সেদিন সন্ধ্যায় তিনি ট্রেনে ধর্মনগর যাওয়ার জন্য আগরতলা রেলস্টেশনে পৌঁছান। স্টেশনের বাথরুমে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। তৎক্ষণাৎ তাঁকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডঃ বি. আর. আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে জরুরি অস্ত্রোপচার করা হয়।
ডাঃ দেবদত্ত সাহা এবং ডাঃ আবির লাল নাথ মুখ্য সার্জন হিসেবে তাঁর মস্তিষ্কের সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। বর্তমানে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা না গেলে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কিছু বলা যাবে না।
শনিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ হাসপাতালে গিয়ে স্পিকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। রাজ্যের সর্বস্তরের মানুষ ও রাজনৈতিক মহল ভগবানের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*