স্বচ্ছতার জাতীয় স্বীকৃতিতে উচ্ছ্বসিত খোয়াই, ‘আনন্দ উদ্যাপন’-এ মাতল পুর পরিষদ

গোপাল সিং, খোয়াই, ০৯ আগস্ট || গানে, সুরে আর করতালিতে মুখর খোয়াই নতুন টাউন হল। উপলক্ষ্য—স্বচ্ছ সমীক্ষা ২০২৪-২৫-এ রাজ্যসেরা হওয়ার গৌরব উদযাপন। ভারত সরকারের দেওয়া এই ঐতিহাসিক সাফল্যের পর খোয়াই পুর পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য ‘আনন্দ উদ্যাপন’ অনুষ্ঠানের, যেখানে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সম্প্রতি দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বচ্ছতা ও নাগরিক পরিষেবায় উৎকৃষ্ট অবদানের জন্য খোয়াই পুর পরিষদকে ‘রাজ্য পর্যায়ে প্রতিশ্রুতিশীল শহর’ (Promising City at the State Level) হিসেবে সম্মানিত করা হয়। রাষ্ট্রপতির উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টরের হাত থেকে এই সম্মান গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী টিংকু রায় এবং খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা। সেই জাতীয় স্বীকৃতি পাওয়ার আনন্দ শহরবাসীর সাথে ভাগ করে নিতেই ছিল এই আয়োজন। অনুষ্ঠানে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, জনস্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শঙ্কু পাল সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠান চলাকালীন চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা বলেন, “এই সম্মান শুধু পুর পরিষদের নয়, এই সম্মান খোয়াইয়ের প্রতিটি নাগরিকের, প্রতিটি সাফাই কর্মীর, যাঁরা দিনরাত এক করে আমাদের শহরকে পরিচ্ছন্ন রেখেছেন। তাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সাফল্য অসম্ভব ছিল।” আলোচনা ও সংবর্ধনার পাশাপাশি এই অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় শিল্পীদের গানে ও যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা টাউন হল জুড়ে। এই সাফল্যকে সঙ্গী করে আগামী দিনেও স্বচ্ছতা ও উন্নয়নের এই ধারা বজায় রাখার অঙ্গীকার করেছে পুর পরিষদ, যার জন্য শহরবাসীর আশীর্বাদ ও সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*