শান্তিরবাজারে খুঁটি পূজার মাধ্যমে দূর্গোৎসবের শুভ সূচনা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ আগস্ট || বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হলো খুঁটি পূজার মধ্য দিয়ে। শনিবার পূর্বপাড়া দূর্গাপূজা কমিটির উদ্যোগে ধর্মীয় রীতি-নীতি মেনে আয়োজিত এই খুঁটি পূজায় স্থানীয় মানুষের ভিড় উপচে পড়ে। পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা সম্পন্ন হয়।
পূজা কমিটির উদ্যোক্তারা জানান, ১৯৮৬ সাল থেকে পূর্বপাড়ায় দূর্গাপূজার আয়োজন হয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। প্রায় ১০ লক্ষ টাকা বাজেটের ভিত্তিতে এবারের পূজার থিম রাখা হয়েছে বাঁশবেতের কুটির শিল্প। পাশাপাশি নেশামুক্তি অভিযানসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও করা হয়েছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, পূজার কয়েকদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় মানুষকে আনন্দ দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। খুঁটি পূজাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*