গোপাল সিং, খোয়াই, ০৫ সেপ্টেম্বর || ত্রিপুরার জন্য গর্বের মুহূর্ত। রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল প্রদর্শনী iPHEX 2025-এ ত্রিপুরা সরকারের ডেপুটি ড্রাগস কন্ট্রোলার কাঞ্চনা সিনহা সেরা নারী ড্রাগস কন্ট্রোল অফিসার পুরস্কারে ভূষিত হলেন।
তাঁর স্বামী, কংগ্রেস বিধায়ক ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি বিরজিত সিনহা সামাজিক মাধ্যমে এই খবর জানান। তিনি লেখেন— “আমার স্ত্রী কাঞ্চনা সিনহা সারা জীবনের অক্লান্ত পরিশ্রমের জন্য জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি পেলেন। স্বামী হিসেবে আমি গর্বিত, আর ত্রিপুরার সন্তান হিসেবে কৃতজ্ঞ যে তাঁর কাজ আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে।”
কাঞ্চনা সিনহা ১৯৮৮ সালে ড্রাগ ইন্সপেক্টর হিসেবে যোগ দেন এবং তিনিই ছিলেন ত্রিপুরার প্রথম নারী ড্রাগ ইন্সপেক্টর। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তিনি রাজ্যের স্বাস্থ্য খাতে নকল ও ভেজাল ওষুধ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের Sexual Harassment Committee-এর চেয়ারপার্সন হিসেবে টানা ১৫ বছর দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি একজন বিশিষ্ট লেখিকা হিসাবেও সমাদৃত। উনার লেখা বহু বই প্রকাশিত হয়েছে।
এবছর এপ্রিল মাসে তিনি অবসর গ্রহণ করলেও, তাঁর দক্ষতা ও অভিজ্ঞতার জন্য রাজ্য সরকার তাঁকে আরও ছয় মাসের বর্ধিত মেয়াদ প্রদান করেছে, যা কার্যকর হয়েছে মে ২০২৫ থেকে। কোলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি (বি.ফার্ম) ডিগ্রি অর্জন করা কাঞ্চনা সিনহা বর্তমানে রাজ্যের ওষুধ প্রশাসনের অন্যতম মুখ্য ব্যক্তিত্ব। উল্লেখযোগ্যভাবে, বর্তমানে দেশের সাতটি রাজ্যে নারী ড্রাগস কন্ট্রোলাররা নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা শুধু প্রশাসনিক দক্ষতাতেই নয়, বরং নিরাপদ ও মানসম্পন্ন ওষুধ নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন, যা ভারতের সরকারি ব্যবস্থায় নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত।
