গোপাল সিং, খোয়াই, ০৫ সেপ্টেম্বর || শহরে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ— অথচ গ্রাম বাংলার এক কোণে এখনও ঘোরে কুসংস্কারের প্রেতছায়া। খোয়াই জেলার ধলাবিল পঞ্চায়েতের পহরমুড়া এলাকায় ২৬ বছরের এক গৃহবধূকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে শ্বশুরবাড়ির লোকজন যে বর্বরতা চালিয়েছে, তা শুনলে শিউরে উঠবে যে কেউ।
ঐ গৃহবধূর অপরাধ একটাই— তাকে নাকি ডাইনি বলা হয়েছে! স্থানীয় এক ওঝার কথায় বিভ্রান্ত পরিবার সিদ্ধান্ত নেয় ‘ডাইনি পরীক্ষা’র। পরীক্ষা? আসলে নির্যাতনের নিকৃষ্টতম রূপ। তার হাত জোর করে জ্বালানো মোমবাতির আগুনে ধরে রাখা হয়। ধারণা ছিল, ডাইনি হলে হাত পুড়ে যাবে, না হলে অক্ষত থাকবে। ভেতরে যখন আগুনে দগ্ধ হচ্ছিল গৃহবধূ, বাইরে তখন কাশর-ঘণ্টার শব্দে ঢেকে দেওয়া হচ্ছিল তার আর্তনাদ।
শেষ পর্যন্ত গুরুতর আহত অবস্থায় তাকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার শয্যাশায়ী গৃহবধূর পিতা সাংবাদিকদের সামনে পুরো ঘটনার বিবরণ দেন। পরিবারের দাবি, পুলিশে খবর দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ এখনো চোখে পড়েনি। স্থানীয় সচেতন মহল প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছে। তাঁদের মতে, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এর পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।
