বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে শুক্রবার জোলাইবাড়ী দ্বাদশশ্রেণী বিদ্যালয়ে আয়োজিত হয় ব্লক ভিত্তিক ৬৪তম শিক্ষক দিবস। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্পণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়।
অনুষ্ঠানে জোলাইবাড়ী ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনাও জানানো হয়। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শান্তনু ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক, IASE আগরতলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, জোলাইবাড়ী ব্লক বিএসসি চেয়ারম্যান অশোক মগ, বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ, জোলাইবাড়ী দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দীপক রায় প্রমুখ।
বক্তারা তাঁদের নিজ নিজ শিক্ষাগুরুকে স্মরণ করে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন। তবে অনুষ্ঠানে শিক্ষকদের উপস্থিতির হার ছিল নগণ্য। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত গভীর ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, জোলাইবাড়ী ব্লকের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় ২৫০-৩০০ শিক্ষককে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হলেও অধিকাংশ শিক্ষকই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ফলে হাতে গোনা কয়েকজন শিক্ষকের উপস্থিতিতেই অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী দিনে এমন চিত্র যেন আর না দেখা যায়, সে বিষয়ে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
