বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || ত্রিপুরার জনগণের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে কোলকাতা থেকে আগরতলায় পৌঁছালেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কৃষানু বক্সী।
কোলকাতার বাসিন্দা কৃষানু বক্সী দীর্ঘদিন আর্মিতে থেকে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। বর্তমানে অবসর গ্রহণের পর তিনি আবারও সমাজকল্যাণে নিজেকে নিয়োজিত করার উদ্যোগ নিয়েছেন। একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই উদ্যোগের অংশ হিসেবেই প্রথমবারের মতো ত্রিপুরায় পা রাখলেন তিনি।
শুক্রবার শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থেকে তাঁর অনুগামীরা আগরতলা বিমানবন্দরে উপস্থিত হয়ে ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। পরবর্তীতে তাঁরা সকলে মিলে উদয়পুরের মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেন এবং জনগণের মঙ্গল কামনা করেন। জানা গেছে, শান্তিরবাজার মহকুমার বাইখোড়ার বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে এই কর্মসূচির শুভসূচনা হবে। এরপর ধাপে ধাপে ত্রিপুরার বিভিন্ন এলাকায় আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কৃষানু বক্সীর সঙ্গে এই উদ্যোগে যুক্ত হয়েছেন বাইখোড়ার বাসিন্দা সপন চক্রবর্তী। তাঁদের বিশ্বাস, আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে নানা জটিল রোগের সমাধান সম্ভব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষানু বক্সী তাঁর আগমন ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
