গোপাল সিং, খোয়াই, ১৬ সেপ্টেম্বর || শারদোৎসবের ঠিক আগমুহূর্তে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার প্রস্তুতিতে সাজছে শহর। মঙ্গলবার সন্ধ্যা থেকে খোয়াই শহর ও শহরতলীর প্রতিটি মণ্ডপে পৌঁছে গেছে কুমোরপাড়ার হাতের গড়া দেবশিল্পীর রূপকলা। কোথাও মণ্ডপ ইতিমধ্যেই দীপজ্যোতিতে উজ্জ্বল, আবার কোথাও রাতভর মূর্তি আনানোর তোড়জোড় চলছে। এই আবহেই মঙ্গলবার রাতে খোয়াইয়ের এক মণ্ডপে হাজির হলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী অমিত রক্ষিত। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মণ্ডপের উদ্বোধন করেন তিনি এবং শতাধিক মানুষের হাতে তুলে দেন বস্ত্র। সঙ্গে উপস্থিত ছিলেন একঝাঁক বিশিষ্ট সমাজসেবী। ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক সমীর দাস, নেতৃবৃন্দ দেবাশীষ নাথশর্মা, অনিমেষ নাগ, রঞ্জন দাস, প্রণব বিশ্বাস ও চিরন্তন দাস প্রমুখ। দেবশিল্পীর পূজা একদিনের মধ্যেই। তার আগেই কুয়াশাঘন সন্ধ্যায়, মণ্ডপের আলোয়, উৎসবের রঙে ভরে উঠেছে চারদিক। নতুন প্রজন্মের কোলাহল আর আনন্দ মিলেমিশে যেন আগাম শারদোৎসবের সুর বয়ে আনছে খোয়াইয়ের আকাশে-বাতাসে।
