মাদকবিরোধী অভিযানে পুলিশের জোড়া সাফল্য: বিপুল পরিমাণ মাদক উদ্ধার সহ দুই মাদক কারবারি আটক

গোপাল সিং, খোয়াই, ১৬ সেপ্টেম্বর || অভিযানে আবারও সাফল্য অর্জন করল ত্রিপুরা পুলিশ। খোয়াই থানা এবং সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির যৌথ প্রচেষ্টায় আজ দুটি ভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে। এই অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় খোয়াই থানাধীন সিপাইহাওড় এলাকায়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সৃজন দেববর্মা নামে এক যুবককে আটক করে। তার কাছ থেকে সন্দেহজনক ৪৮টি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। সৃজন দেববর্মার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় সুভাষপার্ক এলাকার কৃষ্ণমন্দিরের সামনে। সেখানে পুলিশ আশীষ ঘোষ নামে এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে অবৈধ ৮৩ বোতল বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আশীষ ঘোষ দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ মদের কারবারে জড়িত ছিল। তার বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খোয়াই পুলিশের এই জোড়া সাফল্য এলাকায় স্বস্তি এনেছে। পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের এই প্রচেষ্টা সাধুবাদযোগ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*