সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ অক্টোবর || সপ্তমীর সকালেই শোকের ছায়া নামল জিরানিয়া থানাধীন এনআইটি রামদয়াল পাড়ায়। রবিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া আসাম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্বামী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম সোমারাণী দেববর্মা। আহত স্বামী মঙ্গল দেববর্মা। রবিবার সকালে দাঁতের চিকিৎসার জন্য দু’জনে তেলিয়ামুড়ার তুইচিন্দ্রাই এলাকায় আসেন। চিকিৎসা শেষ করে বাড়ি ফেরার পথে বড়মুড়া পাহাড়ের ঢালে তাঁদের স্কুটি তেলের ট্যাঙ্কার গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন সোমারাণী দেববর্মা।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। দমকল কর্মীরা দম্পতিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. অজিত দেববর্মা ইসিজি করার পর সোমারাণী দেববর্মাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় স্বামী মঙ্গল দেববর্মার চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর ট্যাঙ্কারটিকে আটক করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। এদিন ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। খবর পেয়েই স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। শোকে স্তব্ধ এলাকায় কান্নায় ভেঙে পড়েন মৃতার কন্যা ও আত্মীয়স্বজন।
