রাজ্যপালের অনুষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ফ্রুটি বিতরণে চাঞ্চল্য, অসুস্থ শিক্ষার্থীদের অভিযোগে দোকান সিল করল প্রশাসন

গোপাল সিং, খোয়াই, ০৭ নভেম্বর || ত্রিপুরার ধলাই জেলার আমবাসা টাউন হলে আজ অনুষ্ঠিত হয় বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপালসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীও অংশ নেয় এই ঐতিহাসিক কর্মসূচিতে।
অনুষ্ঠানের সময় শিক্ষার্থীদের মধ্যে ঠান্ডা পানীয় ‘ফ্রুটি’ বিতরণ করা হয়। কিন্তু অভিযোগ, পানীয়টি পান করার পরই একাধিক শিক্ষার্থী অসুস্থতা ও অস্বস্তি অনুভব করতে শুরু করে। পরে শিক্ষকদের তৎপরতায় প্যাকেটগুলো পরীক্ষা করে দেখা যায়, উক্ত পানীয়গুলির মেয়াদ ইতিমধ্যেই উত্তীর্ণ।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই পানীয় সরবরাহ করেছিল ‘এম/এস রাধেশ্যাম ভান্ডার’ নামে একটি দোকান, যার মালিক রাজেশ সাহা। দোকানটি আমবাসা-গণ্ডাছড়া রোডে অবস্থিত। ঘটনাটি জানাজানি হতেই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ডেপুটি কালেক্টর (ডিসিএম), ডেপুটি সিইও (এএমসি) এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে দোকানটি সিল করে দেওয়া হয়।
এক প্রশাসনিক কর্মকর্তা জানান, “ঘটনার বিষয়ে একটি বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। মেয়াদোত্তীর্ণ পানীয় সরবরাহের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে আমবাসা শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনে যদি এমন মেয়াদোত্তীর্ণ পণ্য সরকারি অনুষ্ঠানে পৌঁছে যেতে পারে, তাহলে সাধারণ বাজারে এমন অনিয়ম আরও কতখানি চলছে তা সহজেই অনুমান করা যায়।
নাগরিকদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে বিশেষ অভিযান চালিয়ে শহরের সমস্ত খাদ্য ও পানীয় বিক্রেতা দোকানে তল্লাশি চালানো হোক এবং মেয়াদোত্তীর্ণ বা অননুমোদিত পণ্য বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*