গোপাল সিং, খোয়াই, ০৯ নভেম্বর || তেলিয়ামুড়া থানাধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের থাপিদয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বদলিকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার সকালে আকস্মিকভাবে এক শিক্ষিকার বদলির নোটিশ জারি হওয়ায় ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা প্রতিবাদে রাস্তায় নেমে পড়েন।
জানা গেছে, বর্তমানে বিদ্যালয়টিতে মাত্র তিনজন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে প্রায় ৮৬ জন ছাত্রছাত্রীর পঠনপাঠন চলছে। এর মধ্যে শিক্ষক বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন সকালে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী ও অভিভাবকরা। পরবর্তীতে তারা তেলিয়ামুড়া–ঘিলাতলী সড়ক অবরোধ করে অবস্থান নেন, যার ফলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীদের সঙ্গে আলোচনা শেষে অবরোধ প্রত্যাহার করা হয়।
