বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ নভেম্বর || আসন্ন ২০২৬ সালের এডিসি নির্বাচন ও ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যুব সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে রবিবার ৩৬-শান্তিরবাজার মণ্ডল বিজেপির যুব মোর্চার উদ্যোগে এক যুব জমায়েত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় লক্ষীছড়া ভিলেজ মাঠে।
এই যুব জমায়েতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি ও বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি রামপ্রসাদ শীল, বিজেপির শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, কৃষাণ মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা, দক্ষিণ জেলার এসসি মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস, এমডিসি বিদ্যুৎ দের্বমা এবং শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা যুব সমাজকে দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান, যাতে আসন্ন এডিসি ও বিধানসভা নির্বাচনে বিজেপি বিজয়ী হতে পারে। বক্তারা তাদের বক্তব্যের মধ্যে বাম আমলের নানা অনিয়ম ও অব্যবস্থার চিত্র তুলে ধরেন এবং অভিযোগ করেন যে, বর্তমান সময়ে বামেরা অপপ্রচার চালিয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। তাই দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
৩৬-শান্তিরবাজার মণ্ডল বিজেপির যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই যুব জমায়েতে বিপুল সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি ছিল লক্ষণীয়।
