আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || আদালতের নির্দেশে রবিবার রাজধানীর এমবিবি কলেজ মাঠে ত্রিপুরা পুলিশের ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে পরিচালিত হয় বিশেষ অভিযান। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরের নেতৃত্বে এবং ট্রাফিক বিভাগের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই অভিযান সম্পন্ন হয়।
অভিযান চলাকালীন দীর্ঘদিন ধরে শহরের শব্দ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়ানো মোটরবাইকের পরিবর্তিত বা শব্দযুক্ত সাইলেন্সার (Modified Exhaust Silencer) গুলি জব্দ করা হয়। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী সেগুলো রোলার (ড্রজার) দিয়ে ধ্বংস করা হয়।
ট্রাফিক দপ্তরের সূত্রে জানা গেছে, এদিন মোট ৪১০টি বাইকের শব্দযুক্ত সাইলেন্সার ধ্বংস করা হয়েছে। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানান, “শহরে শব্দ দূষণ রোধ ও আদালতের নির্দেশ কার্যকর করতেই এই অভিযান পরিচালিত হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় মোটরবাইকে শব্দযুক্ত সাইলেন্সার ব্যবহারের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ বাড়ছিল। এই ধরনের সাইলেন্সার শুধু শব্দ দূষণই নয়, পথচারীদের অসুবিধাও বাড়াচ্ছিল। সেই কারণেই আদালতের নির্দেশে ত্রিপুরা ট্রাফিক দপ্তর সক্রিয় ভূমিকা নেয় এবং আজকের এই অভিযানের মাধ্যমে শব্দ দূষণ রোধে এক দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করে।
