আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || রবিবার বিকেলে আগরতলায় এক অনন্য উদ্যোগের সূচনা হলো — ‘পজিটিভ বার্তা’ সংস্থার আয়োজনে “হাট (ই-মার্কেট) প্রকল্প”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ কারিগর, শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটরদের দক্ষতা, সৃজনশীলতা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নতুন বাজারের সুযোগ তৈরি করা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সাংস্কৃতিক কর্মী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সম্মাননা জানানো হয়। মঞ্চে পজিটিভ বার্তা-এর তরফে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিনিধি বলেন, “হাট শুধু একটি ডিজিটাল বাজার নয়, এটি আমাদের গ্রামের সংস্কৃতি, শিল্প ও প্রযুক্তিকে একত্রে নিয়ে এগিয়ে যাওয়ার একটি সৃজনশীল প্রয়াস।”
এই উদ্যোগের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্বও সকলের মন জয় করে নেয়।
‘হাট’ প্রকল্পটি আগামী দিনে গ্রামীণ শিল্প ও উদ্যোক্তাদের ডিজিটাল যুগে স্বনির্ভর হতে সহায়তা করবে বলে আয়োজক মহল আশা প্রকাশ করেছে।
