বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ নভেম্বর || অসাবধানতা ও দ্রুতগতির কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। বুধবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার পতিছড়ীর রাতাছড়া এলাকায় টি আর ০৮ ডি ৮৪৬৮ নম্বরের একটি টিভিএস স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। তারা গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহানন্দ বৈষ্ণব পাড়ার বাসিন্দা বিপ্লব দেবর্বমা (২৬) কে মৃত ঘোষণা করেন। অপর আহত যুবক গুডরাই রিয়াং পাড়ার বাসিন্দা সোহেল রিয়াংকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।
শান্তিরবাজার থানার ওসি ও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতির কারণে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগে, ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে।
বৃহস্পতিবার শান্তিরবাজার জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
