সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে জিপ উল্টে মৃত ১, আশঙ্কাজনক ২

সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ নভেম্বর || শুক্রবার সন্ধ্যায় গন্ডাছড়া-অমরপুর সড়কের বাবুসাই এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি কমান্ডার জিপ। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই প্রাণ হারান সুসেন চাকমা (৪৭), যিনি যতনবাড়ি লেপাছড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, জিপটিতে মোট তিনজন যাত্রী ছিলেন। সন্ধ্যার পরপরই বাবুসাই এলাকায় গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুসেন চাকমার। খবর পেয়ে স্থানীয় মানুষজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার কাজে হাত লাগান।
দুর্ঘটনায় গুরুতর আহত হন জয়সেন চাকমা (৬২) এবং রাকেশ চাকমা (৩৫)। স্থানীয়দের সহায়তায় তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুইজন আহতেরই শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। চিকিৎসকরা তাঁদের উন্নত চিকিৎসার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।
এদিকে এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*