এডিসি নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠকে রামপদ জমাতিয়া

আপডেট প্রতিনিধি, ধর্মনগর, ৩০ নভেম্বর || আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে সংগঠনকে আরও মজবুত করতে শুক্রবার যুবরাজনগর অঞ্চলের সেলপুই ছড়া সহ একাধিক স্থানে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দলীয় নেতৃত্ব ও কর্মীদের তৎপরতা বাড়ছে। সেই পরিপ্রেক্ষিতেই বাগমা কেন্দ্রের বিধায়ক ও ত্রিপুরা এসটি কর্পোরেশনের চেয়ারম্যান রামপদ জমাতিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সভা।
সভায় রামপদ জমাতিয়া এসটি কর্পোরেশনের চলমান প্রকল্প, জনজাতি উন্নয়নমূলক কার্যক্রম এবং গ্রাসরুট স্তরে সংগঠনকে আরও সুসংহত করার দিক নির্দেশনা দেন। পাশাপাশি যুবরাজনগর এলাকার এডিসি ভিলেজগুলিতে রাস্তাঘাট, পানীয়জল ও অন্যান্য মৌলিক পরিষেবার উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেন। উপস্থিত কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি আসন্ন নির্বাচনে পূর্ণ উদ্যমে মাঠে নামার আহ্বান জানান।
এদিন সভায় আরও উপস্থিত ছিলেন যুবরাজনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, জেলাপরিষদের সভাধিপতি অপর্না নাথ, যুবরাজনগর ব্লকের চেয়ারপার্সন অপর্না সিনহা সহ একাধিক নেতা-নেত্রী।
বৈঠকে মূলত নির্বাচনী রণকৌশল, বুথস্তরীয় সংগঠন মজবুত করা, কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং জনসংযোগ আরও সম্প্রসারণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় নেতৃত্বের দাবি, সংগঠনের ঐক্য, শক্তিশালী বুথ সংগঠন এবং উন্নয়নমুখী রাজনীতির ভিত্তিতেই আগামী এডিসি নির্বাচনে বিজেপি সুবিধাজনক অবস্থান অর্জন করবে।
প্রসঙ্গত, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তর জেলার বিভিন্ন ব্লক ও মন্ডলে বিজেপির সাংগঠনিক বৈঠক ও প্রস্তুতিমূলক কর্মসূচি আরও জোরদার হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*